কিশোরগঞ্জে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৬
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দয়াবাজার থেকে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন অষ্টগ্রামের আদমপুর গ্রামের হজরত আলী (২০), আসাদ মিয়া (২০), সুশেন মিয়া (১৯), এমদাদুল (১৭), মাসুম মিয়া (২৩) ও জাহের মিয়া (২৭)।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, হজরত আলীর প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরীকে (১৪) তুলে নিয়ে বন্ধুদের নিয়ে ধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে যায়। পরে গ্রামের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ১৫ এপ্রিল হজরত আলীসহ চারজনের নাম উল্লেখসহ ছয়জনকে আসামি করে মামলা করে বলে জানান তিনি।
