হবিগঞ্জে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫
হবিগঞ্জের বানিয়াচঙ্গে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কাগাপাশা এলাকার বানিয়াচং-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার এসআই সালাহ উদ্দিন জানান।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এসআই সালাহ উদ্দিন বলেন,“বাসটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে ধান কাটার শ্রমিক নিয়ে বানিয়াচঙ্গে আসছিল।পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।”
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
