নওগাঁয় সাংবাদিক নাজমুলের মৃত্যু চিকিৎসায় ‘অবহেলায়’
নওগাঁয় সাংবাদিক নাজমুল হুদার মৃত্যু চিকিৎসায় অবহেলার কারণে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানমের অপসারণ দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।
নওগাঁয় সাংবাদিকের মৃত্যুতে সদর হাসপাতালের তত্বাবধায়কের অবহেলা এবং উদাসীনতাকে দায়ী করে তার অপসারন দাবি স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।
এ দাবিতে তারা বুধবার স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের মাধ্যমে।
নওগাঁ প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, শুধু সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রওশন আরা খানমের অবহেলা আর উদাসীনতার কারণেই ডিবিসি নিউজ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হুদার সঠিক চিকিৎসা হয়নি এবং এ কারণে তার মৃত্যু হয়।
গত ১৩ এপ্রিল কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে সকাল ১০টায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিকদের অভিযোগ, ওই সময় রওশন আরাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে হাসাপাতালে আনার অনুরোধ করা হয়। কিন্তু ভর্তির ৩ ঘণ্টা পরও তাকে চিকিৎসা দেয়া হয়নি; কিংবা অন্যত্র স্থানান্তরের পরামর্শও দেওয়া হয়নি।
এই অবহেলার কারণে উক্ত তত্ত্বাবধায়ককে আগামী সাত দিনের মধ্যে অপসারণসহ তার বিরুদ্ধে চাকরি বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান তার দপ্তরে স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় জেলা প্রেসক্লাব সভাপতি মো. কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে নওগাঁর সিভিল সার্জন মো. মোমিনুল হকের কাছেও স্মারকলিপির একটি অনুলিপি দেওয়া হয়েছে।
