সিলেটে নিখোঁজ কিশোরের বস্তাবন্দি লাশ
সিলেটে তিন দিন আগে নিখোঁজ এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর এলজিইডি কার্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন খালের তীর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান।
নিহত সোহাগ মিয়ার (১৮) বাড়ি বগুড়ার ওলিবাজারে। নগরীর ঘাসিটুলা এলাকায় মজুমদারপাড়া ময়না মিয়ার কলোনিতে মায়ের সঙ্গে থাকতেন তিনি।
নিহতের পরিবারের বরাতে ওসি গৌসুল বলেন, গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁহ হন সোহাগ। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
“সকালে এলাকার শিশুরা ক্রিকেট বল কুঁড়িয়ে আনতে গিয়ে একটি বস্তাবন্দি পড়ে থাকতে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে সোহাগের লাশ উদ্ধার করে।”
ওসি বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
