দর্শনা রেল স্টেশনের ৪ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনের চার নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
দর্শনা স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক শাহ আলম জানান, শনিবার রাতে রেল ইয়ার্ডে দায়িত্বরত অবস্থায় তাদের ওপর হামলার এ ঘটনা ঘটে।
এদের মধ্যে হাফিজুর ও রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান জানান।
এ হামলায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতেই পাঁচজনকে এবং রোববার আরও একজনকে আটক করেছে।
আটকরা হলেন, দর্শনার জসিম উদ্দীন, রাশেদুল ইসলাম, মো. সুজন, হারুন অর রশিদ, ইউনুস আলী ও আব্দুল গাফফার।
পরিদর্শক শাহ আলম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রেলইয়ার্ডে দায়িত্ব পালনের সময় ৭/৮ জন অতর্কিতে হামলা চালিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে তিন নিরাপত্তাকর্মী জখম হন। এরআগে আরও এক নিরাপত্তাকর্মীকে কোপায় তারা।
“হামলাকারীরা চিহ্নিত চোর।তারা এই বন্দরে থাকা ট্রেনের বগি থেকে মালামাল চুরি করে। ধারণা করা হচ্ছে, নিরাপত্তাকর্মীদের প্রহরার কারণে চুরি করতে না পেরে হামলা চালিয়েছে।”
