বৈশাখী উৎসবে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু
জয়পুরহাটে কথিত প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলে বৈশাখী উৎসবে যাওয়ার সময় দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার বিকালে জয়পুরহাট-হিলি সড়কের গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহামিদা আখতার মিতা (২৫) বগুড়ার কুন্দরহাট হাইওয়ে পুলিশের কনস্টেবল হাবিবুর রহমানের স্ত্রী।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চন্ডিপুর এলাকার তোতন সরকার অনিক নিহত মিতার প্রেমিক ছিলেন বলে পুলিশের ভাষ্য।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, অনিক তার মোটরসাইকেলের পেছনে করে মিতাকে নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন।
“পথে জেলা সদরের গতন শহর এলাকায় বিপরীত দিক থেকে আসা আটো ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে মিতা পাকা রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।”
এদিকে দুর্ঘটনার পরপরই অনিক পালিয়ে যায় বলে জানান এসআই জাহাঙ্গীর।
এসআই জাহাঙ্গীর পরে অনিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানান।
অনিক ও মিতা মোটরসাইকেলে করে বৈশাখী উৎসবে যোগ দিতে জয়পুরহাট বিনোদন কেন্দ্রে যাচ্ছিলেন বলে জানিয়েছেন, বলেন জাহাঙ্গীর।
জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন বলেন, মিতার বন্ধু অনিকের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
