কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বললেন খন্দকার মোশাররফ
কোটা সংস্কারের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিকালে সিলেট নগরীর রেজিস্টারী মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার পুলিশ দিয়ে আন্দোলনকারীদের নির্যাতন করছে বলেও তিনি অভিযোগ করেন।
খন্দকার মোশারফ বলেন, দুই বছর আগে খালেদা জিয়া ভিশন ২০৩০ প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিল করা হবে।
“সরকার খালেদা জিয়াকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে ২০১৪ সালের মতো প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে। তারা জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। কিন্তু খালেদা জিয়ার মুক্তি ছাড়া, তাকে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না।”
সরকার খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলে রেখেছে বলে অভিযোগ করে তিনি বলেন, তাকে মুক্তির জন্য সারাদেশে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সারাদেশে সবাবেশ করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলকে বেগবান করা হবে।
“কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে তাকে নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে।”
অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।
