কোটা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী একাংশের সমাবেশ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের একাংশ সমাবেশ করেছে; নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোথাও কোথাও। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ-মিছিল করেছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের শিববাড়ী মোড়ে বেলা দেড়টা থেকে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা আড়াইটা থেকে তাদের ক্যাম্পাসের হাদি চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাংশের নতুন কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের একাংশ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বেলা সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল করে।
তবে আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ সেখানে উপস্থিত হয়ে তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলন অনেক দিন ধরে চলে আসছে। আমরা মাঠে আছি। থাকব। কিন্তু যেহেতু সরকার সময় চেয়েছে, আমাদের কেন্দ্রীয় কমিটি সময় দিয়েছে, সেহেতু এখন আন্দোলন স্থগিত রাখা উচিত।”
বেলা ১টার দিকে সবাই যার যার মত সমাবেশস্থল ছেড়ে চলে গেলে ক্যাম্পাস নীরব হয়ে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া
এদিকে আন্দোলনকারীরা সমাবেশস্থল ছেড়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ১৫-১৬টি মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছে।
তবে এটা আন্দোলনে বাধা দেওয়ার জন্য নয় বলে তাদের দাবি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “আন্দোলনে বাধা দেওয়ার জন্য নয়। এমনিতেই র্যালি করা হয়েছে।”
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থী খুলনা শহরের শিববাড়ী মোড়ে বেলা দেড়টায় মানববন্ধন ও সমাবেশ করে।
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মাহমুদুল মাসুদ বলেন, “আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত আমরা মানি না। এ কারণে রাজপথে নেমেছি।”
খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বেলা আড়াইটায় তাদের ক্যাম্পাসের হাদি চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে।
পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলেছে জানিয়ে সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক বলেন, “পর্যাপ্ত পুলিশ রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
হরিণটানা থানার ওসি মো. নাসিম খান বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে কর্মসূচি পালন করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
