২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা ব্যারাজ অভিমুখে বাসদের রোড মার্চ সমাপ্ত

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তামুখী বাসদের রোডমার্চ নীলফামারীর জলঢাকা পৌঁছে পথসভা করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 11:02 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রোডমার্চ জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে পৌঁছে। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, রংপুরের আহবায়ক আব্দুর কুদ্দুস , নীলফামারীর সমন্বয়ক ইউনুছ আলী, নারায়ণগঞ্জের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।

এখানে পথসভা শেষে বিকাল পৌঁনে ৫টার দিকে রোড মার্চ তিস্তা ব্যারাজ অভিমুখে রওয়ানা হয়। পরে তিস্তা ব্যারাজ সংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলার চাঁপানীবাজার ইউনিয়ন তহশিল কার্যালয় মাঠে সমাবেশের মধ্য দিয়ে ‘তিন দিনের রোডমার্চ’-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সেখানে সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় সংগঠক ওয়াজেদ পারভেজ।

সমাবেশে বক্তরা বলেন, ভারতে একতরফা পানি প্রত্যাহার আর বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তাসহ দেশের ৫৪টি অভিন্ন নদী পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে শুকিয়ে খালে পরিণত হয়েছে।

এছাড়াও দখল দূষণে ও ভ্রান্তনীতির কারণে দেশের ১২শ নদী কমে ২৩০টিতে নেমেছে। নদী এখন খালে পরিণত হয়েছে।

শুধু তিস্তার পানি সমস্যা নয় উল্লেখ করে বাসদ নেতারা বলেন, ফারাক্কার প্রভাবে আজ গোটা উত্তর পানির অভাবে মরুভূমি হওয়ার পথে।

এই মরুকরণের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ভারতের সঙ্গে অভিন্ন ৫৪ নদীসহ ৫৭টি আন্তর্জাতিক নদীর পানি বণ্টনের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে তারা মনে করেন।

এই বিরোধ নিষ্পত্তির জন্য চীন, ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের যৌথ ব্যবস্থাপনা গ্রহণের জন্য বর্তমান বাংলাদেশ সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহবান জানান বক্তারা।

গত ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকা প্রেসক্লাব থেকে তিন দিনব্যাপী তিস্তা ব্যারাজ অভিমুখে রোড মার্চ শুরু করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। ওইদিন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রোড মার্চের উদ্বোধন করেন।

রোড মার্চের যাত্রাপথে সিরাজগঞ্জ, শেরপুর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, পীরগাছা, রংপুর মেডিকেল মোড়, পাগলাপীর, বড়ভিটা ও জলঢাকায় পথসভা অনুষ্ঠিত হয়।