২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা: ১ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় বিস্ফোরক আইনের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

সোমবার কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তারেক আহসানের আদালতে বাদী রাহুল আমিন আজাদ সাক্ষ্য দেন।

পরে আসামির আইনজীবী হুমায়ুন কবির তাকে জেরা করেন।

অ্যাডভোকেট হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “আসামিদের পক্ষে কোনো আইনজীবী সহায়তা দিতে রাজি না হওয়ায় কুড়িগ্রাম জেলা আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আমি আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধীর (২৫) পক্ষে বাদী রাহুল আমিন আজাদকে জেরা করি।”

আদালত আগামী ১৫ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে বলে জানান তিনি।

আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে এ মামলার দুই আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী (২৫) ও গোলাম রব্বানীকে (২২) আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন জানান, ২০১৬ সালের ২৩ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়ার বাসিন্দা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীকে সকালে প্রাতঃভ্রমণ করার সময় রাস্তায় কুপিয়ে ও গলা কেটে হত্যার পর হাতবোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায় হামলাকারীরা।

এই ঘটনায় তার ছেলে রাহুল আমিন আজাদ (৩০) বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন বলে জানান তিনি।

লিংকন বলেন, “বিস্ফোরক আইনের মামলায় সাত আসামির মধ্যে চার জঙ্গি দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান।

“অপর তিনজনের মধ্যে জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী ও গোলাম রব্বানী গ্রেপ্তার আছেন। অপর আসামি রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী এখনও পলাতক।”

মারা যাওয়া চারজন হলেন বগুড়ার চপিনগর ইউনিয়নের কুষ্টিয়া মন্ডলপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে খাইরুল ইসলাম ওরফে বাঁধন ওরফে পারুল (২২), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর উত্তরপাড়ার আব্দুল হাই প্রধানের ছেলে শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন (১৯), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহারগঞ্জ গ্রামের আব্দুল মিয়া মুন্সির ছেলে নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান ওরফে হাসান ওরফে বাশির (২৬) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামের আলম জোলার ছেলে সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি (২০)।

পুরনো খবর:

খুন একই কায়দায়, এবার ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা: এক মামলার বিচার শুরু
ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা: ৭ ‘জেএমবির’ বিরুদ্ধে অভিযোগপত্র