পাবনায় খাল থেকে কিশোরের লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর খাল থেকে এক কিশোরের লাশ পাওয়া গেছে।
সোমবার উপজেলার সাতানির চর এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সাঁথিয়া থানার ওসি হাসান ইমাম জানান।
নিহত জহুরুল সরদার (১৫) উপজেলার সাতানির চর এলাকার আফতাব আলী সরদারের ছেলে।
ওসি হাসান জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জহুরুল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের খালে তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি বলে জানান তিনি।
