২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সাগর হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লায় কলেজ ছাত্র সাগর দত্ত হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 07:57 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

শনিবার ভোর রাতে ঢাকার কমলাপুর থেকে সোহাগ উদ্দিন রানাকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান।

গত বুধবার ভোরে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার পান্থপথ গলির বিএইচ ভূঁইয়া হাউজ ভবনে কলেজছাত্র সাগর দত্তকে গলা কেটে হত্যা করা হয়।

দুপুরে কুমিল্লার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, সাগর ও তার আহত সহপাঠী সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে কিলার রানা ও তার এক সহযোগী অর্থ আদায় করতে ব্যর্থ হয়ে ওই হত্যাকাণ্ড চালায়।

আলমগীর বলেন, রানা মালয়েশিয়ায় দেড় মাস জেল খেটে দেশে আসেন, পরে আফ্রিকা যাওয়ার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে তার বাবার মাধ্যমে আট লাখ টাকা নেন। টাকার জন্য পাওনাদাররা চাপ দিলে জমি বিক্রি করে তার বাবা ছয় লাখ টাকা পরিশোধ করেন।

“ওই টাকা জোগার করার জন্য রানা সাগর দত্ত ও তার বন্ধুকে নারীঘটিত সম্পর্কের কথা বলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করে এবং তাদের জিম্মি করে টাকা আদায়ে ব্যর্থ হয়ে সাগরকে খুন করে ও তার বন্ধু সজিবের উপর গুলি চালায়।”

পুলিশ ওইদিন ঘটনাস্থল থেকে চারটি গুলিসহ একটি পিস্তল, একটি ছুরি, দুই বান্ডেল রশি ও দুইটি সিরিঞ্জ উদ্ধার করেছে।

রানকে গ্রেপ্তারের বর্ণনায় আলমগীর বলেন, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া রানার মোবাইল ফোনের সূত্র ধরে তার কথিত প্রেমিকাকে প্রথমে আটক করা হয়। পরে তার মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পালিয়ে যাওয়া রানাকে কৌশলে ঢাকায় এনে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

নিহত সাগর কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি চান্দিনা উপজেলার চিরাল্লা গ্রামে। সাগরকে হত্যার সময় একই কক্ষে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলেন সাগরের সাহপাঠী সজিব সাহা। তিনি বর্তমানে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সজিব সাহা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চর গ্রামের রাখাল সাহার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র।

এ ঘটনায় নিহত সাগরের বাবা শংকর দত্ত বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার রানা ও তার এক সহযোগীকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।