চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেছে একদল যুবক।
শনিবার দুপুরে সদর উপজেলার ফরাক্কাবাদ পরীক্ষা কেন্দ্রে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
কী কারণে এ হামলা চালানো হয় তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষার কেন্দ্রে অনৈতিক সুবিধা না পাওয়ায় শিক্ষার্থীরা এই হামলা চালায় বলে কেন্দ্র কর্তৃপক্ষের ভাষ্য।
বিষয়টি তদন্দে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত গাড়ির ব্যয়ভার কলেজ কর্তৃপক্ষ বহন করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান ও চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস জানান, তিনি শনিবার সদর উপজেলার ফরাক্কাবাদ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর তিনি ওই কেন্দ্রে গিয়ে প্রায় ২ ঘণ্টা দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়েই পরীক্ষার্থীরা তার গাড়ি ভাংচুর করে। ঘটনার সময় তিনি পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। গাড়িটি ভাংচুর হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পরপর চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ঘটনাস্থলে যান বলে জানান মাহবুবুর রহমান।
পরীক্ষা কেন্দ্রের সুপার মো. কামরুল ইসলাম বলেন, “পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে আমি ম্যাজিস্ট্রেটের সহযোগিতা চাই। আজকে পরীক্ষার হল খুব শৃঙ্খল ও সুন্দর ছিল। ছাত্ররা অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হওয়ায় এই হামলা চালায়।”
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসান খান জানান, পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে স্থানীয় বহিরাগত কয়েকজন ব্যক্তি উস্কানি দিয়ে সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাংচুর করে।
“পরে সকল শিক্ষক ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।”
ফরক্কাবাদ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুজিত রায় নন্দী বলেন, “যারাই অপরাধী হোক না কেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনে আমার প্রতিষ্ঠান থেকে একজন ছাত্রও পরীক্ষায় পাশ করবে না। তবুও প্রতিষ্ঠানের কোনো প্রকার ক্ষতি হতে দেওয়া হবে না। কোনো ছাত্র অন্যায় করে পার পাবে না।”
