২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূকে বেঁধে মারধর, স্বামী-ভাসুর আটক

সাতক্ষীরায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রডসহ লাঠিসোটা দিয়ে মারধর করায় অভিযোগে স্বামী ও ভাসুরকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 07:11 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে সদর উপজেলার দহাকুলা গ্রাম থেকে তারা কাবিদ ওরফে কাবিল ও হাবিদ ওরফে হাবিল নামে দুই ভাইকে আটক করেন।

আহত আনোয়ারা খাতুন কাবিদের স্ত্রী।

তিনি সাংবাদিকদের বলেন, ভাসুর হাবিদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তার ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

“তারা দুই ভাই মিলে আমাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড, লাঠি ও ঝাড়ু দিয়ে মারধর করেছে।”

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের দাগ দেখা গেছে।

দহাকুলা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম বলেন, “কারণে-অকারণে সময়-অসময় আনোয়ারাকে তার স্বামী ও ভাসুর মারধর করেন।

“সকালে আনোয়ারা এর প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিলে তারা তাকে বাড়ির উঠোনে একটি আমগাছে বেঁধে লোহার রড, লাঠি ও ঝাঁটা দিয়ে নৃশংসভাবে মারধর শুরু করেন। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলেও হাবিদ-কাবিদের হুমকির মুখে উদ্ধার করার সাহস পায়নি।”

কামরুল ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন জানিয়ে বলেন, “পুলিশের উপস্থিতিতে আমরা তার বাঁধন খুলে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাই।”

আনোয়ারা মামলা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তবে তিনি বলেন, “মামলার পর আমি চলব কিভাবে। কোথায় যাব?”

তার তিন বছরের একটি ছেলে রয়েছে।

আটক দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পরিদর্শক শরিফুল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।