২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও গাজীপুরে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই: নির্বাচন কমিশনার  

আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।  

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 06:48 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

শুক্রবার খুলনায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সম্ভাবনা নেই।”

আগামী ১৫ মে এক দিনে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।

সীমিত পরিসরে এ নির্বাচনে উন্নত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ কেন্দ্র বাছাই করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে রফিকুল ইসলাম জানান।

প্রার্থীরা সবাই যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, কোনো নিষিদ্ধ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সকল প্রার্থী যাতে সমান অধিকার পায় সেজন্য প্রশাসনকে নিদের্শনা দেওয়া হয়েছে।

“ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। এইসব কেন্দ্রে যতদূর সম্ভব সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি এইসব কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন, তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হবে।”

মনোনয়নপত্র কেনা-বেচা, যাচাই-বাছাইয়ে যাতে কোনো ধরনের ভুলত্রুটি ও অনিয়ম না হয় সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব মিজানুর রহমানসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ১৫ মে