২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জায়গায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ফেনীর সোনাগাজী, ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলা বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

ও ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 06:16 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

শুক্রবার বেলা ২টার দিকে ফরিদপুর সদরে, বিকাল ৫টার দিকে বোয়ালমারী উপজেলায় ও সন্ধ্যায় ফেনীর সোনাগাজীতে তারা মারা যান।

নিহতরা হলেন - ফরিদপুর সদর উপজেলার মুন্সিডাঙ্গির রিন্টু ব্যাপারীর ছেলে মাছ ব্যবসায়ী হিরু ব্যাপারী (৪০), বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণীরচর গ্রামের সোহরাব মোল্লার ছেলে কৃষক মো. বাশার মোল্লা (৩৫) ও নিহত নূর নবী মিলন (৪০) ও ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে। ।

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক উজ্জামান জানান, দুপুর ২টার দিকে তার ইউনিয়নের গোলডাঙ্গি এলাকায় মাছের কাঁটা ফেলতে গিয়েছিলেন হিরু ব্যাপারী। সেখানে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

বিকাল ৫টার দিকে বোয়ালমারীর পশ্চিম বর্ণীরচর মাঠে পাটের বীজ বুনতে গিয়ে বজ্রপাতের শিকার হন বাশার মোল্লা।

বোয়ালমারীর ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিম মো. সেলিম বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। বজ্রপাতে তার দুটি গরুও মারা গেছে।

নিহত নূর নবী মিলন (৪০) উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আবদুর রহিম খোকন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে গরু আনতে মাঠে যান নূর নবী।

“এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গরুসহ মারা যান।”