ছেলের হাতে বাবা খুন, লাশ মিলল ৯ দিন পর
নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার জয়নগর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে আত্রাই থানার ওসি মোবারক হোসেন জানান।
আটক আব্দুল হাই লিটন (২৮) ওই গ্রামের আনিছুর রহমানের (৬৫) ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নিচ থেকে আনিছুরের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
আনিছুর কীটনাশক ও বীজ ব্যবসায়ী ছিলেন।
ওসি মোবারক বলেন, পারিবারিক কলহের জেরে গত ২৭ মার্চ রাতে লিটন তার বাবাকে হত্যা করে বাড়ি সংলগ্ন পুকুরে কচুরিপানার নিচে লাশ গুম করে এলাকা ছেড়ে চলে যায়। আনিছুরকে খুঁজে না পাওয়ায় তিনদিন পর তার স্ত্রী হাবিবা বেগম লিপি আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
“বৃহস্পতিবার বাড়ি আসে লিটন। বাবাকে পাওয়া যাচ্ছে না এ বিষয়ে তার কোনো উদ্বেগ না দেখে গ্রামবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা শিকার করে এবং লাশ কচুরিপানার নিচে আছে বলে জানায়।”
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও লিটনকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
