কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ এনজিও কর্মী নিহত
কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই এনজিও কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একইজন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাত্থুয়ারটেক এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান।
নিহতরা হলেন নিহতরা হলেন রামু উপজেলার মো. জুবায়ের (২৮) ও মহেশখালী উপজেলার মো. শাকের উদ্দিন (২৬)।
দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা একটি বেসরকারি সংস্থার কর্মী।
আহত মো. আরিফ ওরফে সুমন কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি খায়ের বলেন, বিকালে পাত্থুয়ারটেক এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হন।
আর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর শাকেরের মৃত্যু হয়।
