২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ধুনটে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, আহত ৩

বগুড়ার ধুনট উপজেলায় একটি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 05:48 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

বৃহস্পতিবার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলি ব্রিজটি ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে পড়ে যায় বলে জানান মাঠপাড়ার ইউপি সদস্য মিজানুর রহমান মজনু।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিজ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে তিনবার ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ার ঘটনা ঘটল।

মিজানুর বলেন, পাথর বোঝাই ট্রাকটি ধুনট যাওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় স্থানীয়রা চালক ও তার সহকারীসহ তিন জনকে উদ্ধার করে বগুড়ার হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে ধুনট-শেরপুর সড়কে এ ব্রিজ ভেঙে যাওয়ায় কাজিপুর, ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ীসহ ১০/১৫টি রুটের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ধুনটসহ পাশের কাজিপুর উপজেলার মানুষ দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ১৯৮৮ সালের পর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়নে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া খালের উপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। অনেক বছর আগে থেকেই বেইলি ব্রিজের মেরামত সামগ্রী সরবরাহ বন্ধ রয়েছে।

“এ কারণে স্টিলের ব্রিজগুলো জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। মাঠপাড়া ব্রিজটি যেভাবে ভেঙে গেছে তা মেরামতের অনুপযোগী হয়ে গেছে।”

জাপান সরকারের অর্থায়নে একটি প্রকল্পের মাধ্যমে মাঠপাড়া এলাকায় আরসিসি গার্ডার সেতু নির্মাণের চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, তাই আপাতত অন্য উপজেলার খুলে রাখা একটি স্টিলের ব্রিজ এখানে বসিয়ে দেওয়া হবে।