খুলনায় বিআরটিসির বাসের ধাক্কায় শিশু নিহত
খুলনায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার মা।
খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের খালিশপুর এলাকায় আলমনগর পোড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্নি (৫) ওই এলাকার প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার মেয়ে।
ওসি মোশাররফ বলেন, এলাকার একটি মুদিদোকান থেকে মালপত্র কিনে তন্নিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তার মা শিমুল আক্তার।
“এ সময় বরিশালগামী বিআরটিসির বাসটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তন্নির মৃত্যু হয়। গুরুতর আহত শিমুল আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”
এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিআরটিসির একটি ঢাকাগামী বাস ভাঙচুর করেছে বলে জানিয়েছেন ওসি মোশাররফ।
