ট্যাংকলরি ধর্মঘটে দক্ষিণের ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
সড়ক সংস্কারের দাবিতে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতিরধর্মঘটে দেশের দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
ট্যাংকলরি মালিক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা।
পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো খোলা থাকলেও সেখান থেকে উত্তোলন বন্ধ থাকায় দক্ষিণের জেলাগুলোতে তেল পৌঁছাচ্ছে না।
খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে এ ধর্মঘট চলছে।
ধর্মঘটের সমর্থনে সকালে খুলনার খালিশপুরে মেঘনা তেল কোম্পানির ডিপোর সামনে প্রতিবাদ সমাবেশ করেন মালিক, শ্রমিক ও চালকরা।
রোববার খালিশপুরে ট্যাংকলরি মালিক সমিতির কার্যালয়ে জ্বালানি তেল পরিবেশকদের সঙ্গে এক বৈঠক থেকে ২৪ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ফরহাদ হোসেন বলেন, “দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুলনা-যশোর রোড গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে পড়ে ট্যাংকলরির ব্যাপক ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, “রাস্তাটি সংস্কারের দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই রাস্তা সংস্কারের কাজ শুরু করবেন।”
খুলনায় পদ্মা তেল ডিপোর ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “ডিপো খোলা রয়েছে। অভ্যন্তরীণ সব কাজও চলছে। কিন্তু কোনো ট্যাংকলরি তেল নিতে আসেননি।”
