২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মহানগর বিএনপি নেতা বাবলা কারাগারে

পুলিশের করা নাশকতার মামলায় রংপুর মহানগর বিএনপির সহসভাপতি কাওছার জামান বাবলাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 06:34 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবলা। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেওয়ার পর দুপুরে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাওছার জামান বাবলাসহ দলটির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার মামলা করে।

বাবলার আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, এ মামলায় হাইকোর্ট কাওছার জামান বাবলাকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিল। আজ জামিনের শেষ দিন ছিল।

“বাবলা আদালতে আত্মসমর্পণ করেন। তার পক্ষে আমরা কয়েকজন আইনজীবী জামিন আবেদন করি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে বাবলাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

কাওছার জামান বাবলা গত বছরের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি।