২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজের নামে প্রতারণা, পরীক্ষায় বসা হল না তাদের

গাজীপুর শহরে কিংস স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচয় দেওয়া একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করা হলেও প্রবেশপত্র না দেওয়ায় তারা এইচএসচি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 05:04 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, তাদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করা হয়েছে। পরীক্ষায় ভাল ফলের প্রলোভন দিয়ে ঠকানো হয়েছে আর্থিকভাবেও।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, কিংস স্কুল অ্যান্ড কলেজ নামে কোনো প্রতিষ্ঠানের অনুমতি নেই। এ রকম কোনো প্রতিষ্ঠান আছে বলেও তিনি জানেন না।

গাজীপুর সরকারি মহিলা কলেজের পাশে কাজী মোশররফ হোসেনের মালিকানাধীন ছয়তলা ‘ওকে টাওয়ারের’ চারতলা ভাড়া নিয়ে চলছে কিংস স্কুল অ্যান্ড কলেজ।

এর সহকারী শিক্ষক মো. ফরিদুল ইসলাম বলেন, তারা তাদের শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের অধীনে নিবন্ধন করান।

“এ বছরও তাই করা হয়। কিন্তু কলেজ শাখার ছয় শিক্ষার্থীর মধ্যে একজনের প্রবেশপত্র পাওয়া গেলেও বাকি পাঁচজনের পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সে বিষয়ে অধ্যক্ষ বলতে পারবেন।”

২০১৪ সাল থেকে তারা এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন বলে তিনি জানান।

অধ্যক্ষ দেওয়ান মাহমুদুল হাসান রাজনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. রাসেল ভুঁইয়া অভিযোগ করেন, তার শ্যালক আবু বকর ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

“ভাল ফলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, নিবন্ধন, ফরম পূরণ, প্রবেশপত্র ইত্যাদি বাবদ এক লাখ টাকা নিয়েছেন অধ্যক্ষ। শেষ পর্যন্ত প্রবেশপত্র দেননি। এখন তিনি লাপত্তা রয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

রাশিদুল ইসলাম নামে একজন অভিভাবকও একই অভিযোগ করেন।

তিনি বলেন, তার শ্যালিকা জেমি আক্তারের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।

আর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, “ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পরে তদন্ত করে ঘটনা সঠিক হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”