ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু
ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় বলে ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম জানান।।
মৃত হেমায়েত সর্দার (৬০) নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মৃত তাহেজউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে।
কারাগারের তত্ত্বাবধায়ক বলেন, ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতায় শুক্রবার অসুস্থ হয়ে পড়েন হেমায়েত। ওই দিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার রাত ১টার ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এ ব্যাপারে ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বাদী হয়ে সোমবার সকালে একটি অপমৃত্যুর মামলা করেছেন। আর ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
