২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটস অ্যাপে প্রশ্নফাঁসের আশ্বাস, বগুড়ায় কিশোর আটক

সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটস অ্যাপে এইচএসসির প্রশ্নফাঁসের আশ্বাস দিয়ে স্ট্যাটাস দেওয়ায় বগুড়ায় র‌্যাব এক কিশোরকে আটক করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 02:05 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

র‌্যাব ১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, আটক কিশোর এ বছর এসএসসি পরীক্ষায় গোহাইল ইসলামিয়া উচ্চবিদ্যালয় থেকে অংশ নিয়েছে।

প্রশ্নফাঁস ঠেকাতে নিয়মের কড়াকড়ির মধ্যে সোমবার সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যাতে ১৩ লাখের বেশি শিক্ষার্থী এবার অংশ নিচ্ছে।

র‌্যাব কর্মকর্তা মোর্শেদ সাংবাদিকদের বলেন, “সপ্তাহ খানেক আগে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপে একটি পোস্ট দেয় ১৬ বছর বয়সী এই কিশোর।

“পরীক্ষার দিন সোমবার সকাল সাড়ে ৮টায় প্রশ্ন দেওয়ার ঘোষণা দেয় সে। র‌্যাব গোপনে খবর পেয়ে জেলার শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী মধ্যপাড়া থেকে তাকে সোমবার সকালে আটক করে। সে তার পোস্টের কথা স্বীকার করেছে। তার ওই গ্রুপে ৮০৮ জন সদস্য রয়েছে।”

র‌্যাব ওই কিশোরের স্মার্ট ফোন জব্দ করেছে বলে তিনি জানান।

ওই কিশোর সাংবাদিকদের বলেন, তার গ্রুপে শামীম মাহমুদ নামে এক সদস্য তাকে প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দেন।

“সেই আশ্বাসেই আমি ওই পোস্টটি দিয়েছিলাম।”

প্রশ্নফাঁসকারীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মোর্শেদ।

তিনি বলেন, সরকার প্রশ্নফাঁস ঠেকাতে শক্ত পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ বাস্তয়নের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।