গাইবান্ধায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত ২শ
আবহাওয়ার পরিবর্তনের মধ্যে গাইবান্ধায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত চারদিনে দুই শতাধিক রোগী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালসহ ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আরও শতাধিক রোগী।
শনিবার সদর হাসপাতালে ৪৫ জন ও সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের পাশাপাশি শিশুও রয়েছে।
বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত বেশিরভাগ রোগী বাড়িতে অবস্থান করে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। কেবল গুরুতর রোগীরাই হাসপাতালে যাচ্ছেন।
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আব্দুস সামাদ মিয়া (৪৮) বলেন, “হঠাৎ করে শনিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হই। দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছি।”
বিকালে তার চার বছর বয়সী শিশুও বমি করা শুরু করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আনোয়ারা বেগম (২৫) বলেন, “চারদিন আগে হঠাৎ করে বমি ও পাতলা পায়খান দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হই।”
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হারুন অর রশিদ বলেন, হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবারও শিশুসহ পাঁচ রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন আউটডোরেও ১০-১৫ জন রোগী প্রাথমিক চিকিৎসা সেবা নিচ্ছেন।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ সি সাহা জানান, গত ২৮ মার্চ থেকে ডায়রিয়া আক্রান্ত রোগী আসতে শুরু করেন। এ পর্যন্ত ১৭৫ জন রোগী ডায়রিয়া বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বহির্বিভাগ থেকেও কিছু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি বলেন, বাসি পচা খাবার গ্রহণ বা খাবার পানি থেকে ডায়রিয়া আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে। সাধারণত এক দিনের চিকিৎসাতেই আক্রান্তরা সুস্থ হচ্ছেন।
“ডায়রিয়া বিভাগের শয্যা ২০টি হলেও এখন দ্বিগুণের বেশি রোগী থাকায় তাদের হাসপাতালের বারান্দা, সিঁড়িসহ বিভিন্ন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
তবে ওষুধ, স্যালাইন বা অন্যান্য উপকরণের অভাব নেই বলে তিনি জানান।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এস আই এম শাহীন বলেন, গরম পড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, অসময়ে বৃষ্টি এবং ভাইরাসজনিত কারণে সম্ভবত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির পানি থেকে দূরে থাকাসহ খাবারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে ডায়রিয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
