২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ঝড় ও শিলাবৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৩

মাগুরায় শুক্রবারের ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 04:55 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জেলা প্রশাসক আতিকুর রহমান জানান।

মৃত আলী মোল্লা মাগুরা শহরতলীর মোল্লা পাড়ার বাসিন্দা। শুক্রবার ঝড়-বৃষ্টির সময় গাছের ডালচাপা পড়ে তিনি আহত হন।

এছাড়া শুক্রবার শিলাবৃষ্টির কবলে পড়ে সদর উপজেলার ডহরসিংড়া গ্রামের আকরাম হোসেন (৩৫) ও মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়।

সেইসঙ্গে বাড়িঘর বিধস্ত ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক বলেন, আলী মোল্লা শনিবার সকালে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে ওলিম মিয়া নামে একজনের অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঝড় ও শিলা বৃষ্টিতে সদরের জগলদল, বেরইপলিতা ও মঘি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ দুই লাখ টাকা, ৩০ মেট্রিক টন চাল ও ৬০ বান্ডল টিন বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক অতিকুর রহমান।

শুক্রবার উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায় ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে মাগুরা ছাড়াও দিনাজপুরে একজন ও সিলেটে দুইজন মারা গেছে।