২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শুরু হচ্ছে ৭ দিনের নাট্যোৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে রোববার সাত দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 03:36 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

নাট্যকলা বিভাগের সভাপতি মো. আতাউর রহমান বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আয়োজন উদ্ধোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোহবান। প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সুখরঞ্জন সমাদ্দার মিলনায়তন ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটক মঞ্চস্থ হবে।

৩০ টাকা মূল্যে আগের দিন থেকে নাটক শুরুর পাঁচ মিনিট আগ পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তন, টুকিটাকি চত্বর ও নাট্যকলা বিভাগের সামনে টিকিট বিক্রি করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, সপ্তাহব্যাপী এ উৎসবে বাংলাদেশ-ভারতের মোট ১৩টি নাট্যদল অংশগ্রহণ করবে। ভারত থেকে অশোকনগর নাট্যমুখ, লোককৃষ্টি, শ্রুতি পারফরমিং ট্রুপ ও বাংলাদেশ থেকে বটতলা, প্রাট্যনাট, সুবচন নাট্যদল, অনুশীলন নাট্যদল, ঢাকা থিয়েটার, লোক নাট্যদল, উত্তরাধিকার, মণিপুরি থিয়েটার, বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ উৎসবে অংশ নেবে।

বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক সোমনাথ সিন্হা উদ্ধোধনী দিনে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।