দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগতকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই ছাত্রীকে ফেইসবুকে অশালীন বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে মারধর করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর ওই যুবককে আটক করে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে দেয় বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রবিউল ইসলাম জানান।
ওই দুই ছাত্রীর অভিযোগ, মো. শাহীন মির্জা তার ফেইসবুক আইডি থেকে দুই মাসের বেশি সময় ধরে তাদের অশালীন বার্তা, আপত্তিকর ছবি পাঠিয়ে আসছিল। নিষেধ করা সত্ত্বেও বিভিন্ন সময় তাদের অনুসরণ করে উত্ত্যক্ত করত।
বৃহস্পতিবার সন্ধ্যায় টুকিটাকি চত্বরে শাহীনকে বসে থাকতে দেখে তারা তাকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এসময় কাটাকাটিএর এক পর্যায়ে শাহীন অশালীন ভাষায় কথা বললে তারা ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় দেয় বলে জানান তারা।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ওই দুই ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গেলে তারা উত্ত্যক্ত করছে বলে জানায়। পরে নেতাকর্মীরা ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
