২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে চারজনের ১৪ বছরের কারাদণ্ড

ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে গাজীপুরে চারজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 07:56 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

বৃহস্পতিবার গাজীপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।

দণ্ডিতরা হলেন গাজীপুরের জয়দেবপুরের ছয়দানা এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. মাসুদ (৩০), ডেগের চালা আব্দুল মালেকের ছেলে মো. আলম হোসেন (৩০) ও মো. শাহ আলম (২৬) এবং জাজর এলাকার মো. শওকত হোসেনের ছেলে মো. নাহিদ হাসান (২৮)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আলম হোসেন পলাতক রয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওমর ফারুক নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ডেগেরচালা এলাকায় এসিএল বেভারেজ অ্যান্ড ফুড লিমিটেড নামে একটি কারখানায় স্থাপন করে ভেজাল সরিষার তেল, ম্যাংগো জুস ও এনার্জি ড্রিংকসসহ বিভিন্ন খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিলেন দণ্ডপ্রাপ্তরা।

খবর পেয়ে ২০১১ সালের ৯ এপ্রিল গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কারখানার সামনে থেকে ওই চারজনকে আটক এবং কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও অন্যান্য মালামাল জব্দ করে। আটকরা ভেজাল পণ্য উৎপাদনের কথা স্বীকার করে এবং এ সংক্রান্ত বৈধ কোনো কাগজ দেখাতে ব্যর্থ হয়।

পরে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তদন্ত শেষে ১৪ জুন পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।