শরীয়তপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৯
শরীয়তপুরে বিভিন্ন জুয়ার আসর থেকে নয়জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।
পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সদর উপজেলার কোটাপাড়ায় আনোয়ার হোসেন তালুকদারের ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে বুধবার রাতে জুয়ার আসর বসেছিল। গোপন খবর পেয়ে এসআই সাইফুল আলম পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
এছাড়া এসআই নজরুল ইসলামের নেতৃত্বে আরেক দল পুলিশ একই রাতে একই উপজেলার স্বর্ণঘোষ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মনিরুজ্জামান।
তিনি বলেন, দুই আসর থেকে নয় জুয়াড়িকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে পুলিশ ১৯ হাজার ৪১২ টাকাও জব্দ করেছে।
এসব ঘটনায় পালং মডেল থানায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
