যৌবনে আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে: কাদের সিদ্দিকী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করেন দাবি করে কৃষক-শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী ক্ষমতাসীন দলের সমালোচনা করেছেন।
বুধবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। যৌবনে আমার প্রেম হয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে, এই দেশের সঙ্গে।”
ভোট ছাড়া যারা সরকারে থাকে তিনি সেই দল করেন না বলে মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, “সংবিধান অনুযায়ী দেশের মালিকানা মানুষের- এ কথা লেখা থাকলেও ভূমিদস্যু ও লুটেরারা যেভাবে অন্যের জমি দখল করে রাখে, সেভাবে বাংলাদেশের জনগণের মালিকানা ক্ষমতাশালীরা দখল করে রেখেছে।”
একাত্তরে বাংলাদেশ দখল করার কোনো ক্ষমতা ভারতের ছিল না মন্তব্য করে তিনি বলেন, “যে বাঙালিকে পিন্ডি বাগে আনতে পারেনি, দিল্লির পক্ষে তাদের পদানত করা সম্ভব ছিল না।”
সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর উত্তম কাদের সিদ্দিকী।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ওই অনুষ্ঠাণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম বদরুল আলম লিটন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ছবদের হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম হেলাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করেছেন।
