২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শিবিরকর্মী আখ্যা দিয়ে মারপিট করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 09:08 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

এ চার শিক্ষার্থী হলেন বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের সজীব হোসেন, জাকির হোসেন, আরিফ হোসেন এবং পদার্থবিদ্যার হীরা। 

পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “ঝামেলার খবর পেয়ে আমরা ক্যাম্পাসে যাই। সেখানে লাইব্রেরি ভবনে চার শিক্ষার্থীকে আটক করে রাখার খবর পাই। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে চার শিক্ষার্থীকে দিলে আমরা তাদের থানায় নিয়ে আসি।”

তারা শিবিরকর্মী কিনা যাচাইবাছাই চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে ওই চার শিক্ষার্থীর কয়েকজন সহপাঠী নাম প্রকাশ না করে বলেন, বেলা ১২টার দিকে তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে গ্রুপ স্টাডি করছিল। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। মারপিটের পর লাইব্রেরির একটি কক্ষে তাদের আটকিয়ে রাখে। পরে পুলিশে খবর দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিবিরকর্মী আখ্যা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, “আমার জানা মতে তারা শিবিরকর্মী নয়, সাধারণ শিক্ষার্থী। তাদের কাছে টাকা চাওয়ার বিষয়ে আমার জানা নেই।”

বাংলা বিভাগের চেয়ারম্যান আরিফ ওবায়দুল্লাহ বলেন, “আমরা তো ছাত্রদের পড়াই মাত্র। তবে বাহ্যিকভাবে দেখে তাদের শিবিরকর্মী বলে আমাদের কখনও মনে হয়নি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “এরা শিবিরকর্মী বলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে পুলিশে সোপর্দ করেছে।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রোস্তম আলীকে ‘নেশার টাকা’ না পেয়ে ছাত্রলীগ কর্মীরা চার ছাত্রকে মারপিটের ঘটনায় জানতে চাইলে তিনি পরে কথা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।