চাঁদপুরে এসিড নিক্ষেপের দায়ে ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক পরিবারের চারজনকে এসিড নিক্ষেপের দায়ে নারীসহ চারজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মনির হোসেন (২৫), মেয়ে হোসনে আরা বেগম (৩০), একই বাড়ির মৃত জুনাব আলীর ছেলে সুমন মিয়া (২৮) ও কাবিল মিয়া (২৬)।
মামলা চলার সময়ে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দিয়েছে বলে পিপি হাবিবুল ইসলাম তালুকদার জানান।
মামলার বরাত দিয়ে তিনি জানান, মামলার বাদী খলিলুর রহমান সপরিবারের ঢাকায় বসবাস করতেন। মাঝে মধ্যে ইসলামাবাদে গ্রামের বাড়িতে আসতেন। ২০০১ সালের ২৫ এপ্রিল খলিলের জায়গায় আসামি মনির হোসেন ও হোসনে আরা বসতঘর বানানোর চেষ্টার করেন। এতে খলিল তাদের বাঁধা দিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়।
“এর জেরে ওইদিন রাতে ঘরের জানালা দিয়ে আসামিরা খলিলের মেয়ে লাকী, তার স্বামী মতিউর, মেয়ে রাহিমা ও নাতনি জান্নাতের গায়ে এসিড নিক্ষেপ করেন।”
ঘটনার তিনদিন পর ২৮ এপ্রিল অজ্ঞাত আসামি করে মামলা করেন খলিল। তদন্ত শেষে ২০০২ সালের ২০ এপ্রিল পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
