২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ৬৬ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে এসে ৬৬টি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 03:00 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁও আসার কথা রয়েছে।

“এ সময় তিনি বোতাম টিপে ৩৩টি উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন ও আরও ৩৩টি উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।”

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে এসেছিলেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় কর্মিসভা করা হয়েছে।

“জনসভায় পাঁচ থেকে সাত লাখ মানুসবে আসবে। জনসভায় প্রধানমন্ত্রীর কাছে স্থানীয়দের দাবিগুলো কাছে তুলে ধরা হবে।”

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এসএসএফ ও গার্ড রেজিমেন্টের সদস্যরা ইতোমধ্যেই ঠাকুরগাঁও এসেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য ট্রাফিক নিয়ন্ত্রণ রাখতে পথনকশা তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে বরণ করতে ঠাকুরগাঁও শহর সাজানো হয়েছে বর্ণিল রঙে। গলি থেকে রাজপথ ও সড়কদ্বীপ রংবেরঙের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ দিয়ে সাজানো হচ্ছে।

জেলাস্কুলের বড় মাঠে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ। আওয়ামী লীগ নেতারা চালাচ্ছেন গণসংযোগ। চলছে মাইকিংও।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী বেলা পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করবেন। ১২টার দিকে জেলা সার্কিট হাউজে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী নামাজ ও মধ্যাহ্ন বিরতিতে যাবেন। তারপর তিনি প্রকল্পগুলো উদ্বোধন করবেন। বেলা ৩টার দিকে তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, “প্রধানমন্ত্রীর আগমনে ঠাকুরগাঁওয়ের মানুষ আনন্দিত। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের দাবিগুলো পূরণ করবেন এবং ঘোষণা দেবেন।

জনসভা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকা ফিরে যাবেন বলে জেলা প্রশাসক জানান।

প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শেখর ইতোমধ্যেই ঠাকুরগাঁও এসেছেন।