২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শ্যালিকা-দুলাভাইয়ের ঝুলন্ত লাশ

ঝিনাইদহ সদর উপজেলায় একই রশিতে ঝুলন্ত শ্যালিকা-দুলাভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 11:43 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

নিহতরা হলেন - ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে কলি খাতুন (১৪)।

নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই বদিউর রহমান বলেন, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়ইগাছ থেকে তাদের লাশ উদ্ধার করে।

“একই রশির দুই মাথায় দুইজনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।”

বিল্লাল কৃষিকাজ করতেন। আর কলি ছিল নারিকেলবাড়িয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন বলেন, দিন দশেক আগে বিল্লাল কলিকে নিয়ে পালিয়ে যান। মঙ্গলবার তাদের খোঁজ পেয়ে গ্রামের লোকজন গিয়ে ফিরিয়ে আনেন। বুধবার সকালে তাদের গ্রামের কড়ইগাছে একই রশিতে ঝুলতে দেখে এলাকাবাসী।

“তারা আত্মহত্যা করেছেন বলে গ্রামবাসীর ধারণা।”

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।