২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘মসজিদ কমিটিতে আধিপত্যের বিরোধে’ খুন

কুষ্টিয়ায় মসজিদ কমিটিতে ‘আধিপত্য বিস্তারের বিরোধে’ এক গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2018, 10:44 AM

Updated : 19 Aug 2022, 01:48 PM

দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিশাকুণ্ড ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামে তাকে হত্যা করা হয়।

নিহত এনামুল কাজী (৪৫) ওই গ্রামের শমসের কাজীর ছেলে।

মৌবাড়িয়া পাঁচরাস্তার মোড়ে একটি দোকানের সামনে বসে চা খাওয়ার সময় হঠাৎ কয়েকজন লোক এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।

পিপুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মনোয়ার হোসেন প্রাথমিক তদন্তের বরাতে বলেন, “মৌবাড়িয়া মসজিদের কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এনামুলকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

তবে তিনি প্রতিপক্ষ কারও নাম বলেননি।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি শাহ দারা খাঁন।

তিনি বলেন, “স্থানীয় রাজনীতিতে উভয়ই পক্ষই আওয়ামী লীগের সমর্থক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”