ফরিদপুরে জমির বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে।
উপজেলার রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত আব্দুল ফকিরের (৫৫) বাড়ি ওই এলাকায়।
ওসি মিজানুর বলেন, একখণ্ড জমি নিয়ে আব্দুল ফকিরের সঙ্গে তার দুই ভাতিজা হাফিজ ফকির ও মফিজ ফকিরের বিরোধ ছিল। সকালে এ নিয়ে তাদের মধ্যে কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ভাতিজারা আব্দুল ফকিরকে ছুরি দিয়ে কোপালে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা আব্দুল ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
মধুখালীর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আব্দুল ফকিরকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী খাদেজা বেগম ও ছেলে আক্কাস ফকিরও আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
হাফিজ ও মফিজ গদারধর গ্রামের রমজান ফকিরের ছেলে। ঘটনার পর তারা পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ জানায়।
