পল্লীকবির মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন
মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লীকবি জসীম উদ্দীনকে স্মরণ করছে।
১৯৭৬ সালের ১৪ মার্চ কবি জসীম উদ্দীন মৃত্যুবরণ করেন।
দিনটি পালনোপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এর আগে আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কবির স্মরণে একটি শোভাযাত্রা বের করে।
কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামসুল আলম, কবির বড় ছেলে জামিল আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন প্রমুখ।
গোবিন্দপুর পৈত্রিক বাড়ির প্রিয় ডালিম গাছের তলায় তাকে দাফন করা হয়।
১৯০৩ সালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্ম জসীম উদ্দীনের।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এ কবির লেখা বহু গ্রন্থের মধ্যে কয়েকটি হলো বেদের মেয়ে, সোজনবাদিয়ার ঘাট, নকশীকাঁথার মাঠ। এছাড়া কয়েকটি বিখ্যাত কবিতা কবর, নিমন্ত্রণ ও আসমানী কবিতা আজও পাঠক স্মরণ করে।
