২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদকর্মীকে হাতকড়া পরিয়ে পেটাল বরিশালের পুলিশ

বরিশালে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানকে হাতকড়া পরিয়ে মারধর করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 11:33 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

মারধরে আহত সুমন হাসানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ঘটনার পরপরই মহানগর গোয়েন্দা পুলিশের আট সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ডিবিসি নিউজের ক্যামেরাম্যান সুমন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ চকবাজার এলাকায় বিউটি হল সংলগ্ন একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল গোয়েন্দা পুলিশ।

“আমি অভিযানের কারণ জানতে চাইলে এসআই আবুল বাশারসহ কয়েকজন আমার ওপর চড়াও হন। পুলিশ সদস্য সাইফুল, মাসুদ ও আলতাফ সেখানে ছিলেন। আমি সাংবাদিক পরিচয় দিলে তারা গালমন্দ শুরু করেন। এর প্রতিবাদ জানালে আমাকে মারধরের পর জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন তারা। গাড়িতে উঠতে না চাইলে দ্বিতীয় দফায় মারধর করে তারা আমার অণ্ডকোষ চেপে ধরেন।”

তাকে ডিবি কার্যালয়ে নিয়ে হাতকড়া পরিয়ে কয়েক দফা মারধর করা হয় বলেও তার অভিযোগ।

খবর পেয়ে সাংবাদিকরা ডিবি কার্যালয়ে গেলে সুমনকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের এমন আচরণে দুঃখ প্রকাশ করে পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “তাৎক্ষণিকভাবে ওই দলের আট সদস্যকে ক্লোজ করা হয়ছে। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

সংগঠনটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুক কামলা এক বিজ্ঞপ্তিতে দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন।