২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের প্রবীণ রাজনৈতিক আব্দুর রাজ্জাকের মৃত্যু

রংপুরের প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ শাহ্ আব্দুর রাজ্জাক খন্দকার মারা গেছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 11:59 AM

Updated : 19 Aug 2022, 01:44 PM

নগরীর মাহিগঞ্জ সাতমাথায় বাড়িতে রোববার রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার বড় ছেলে সাংবাদিক শাহ্ কামাল ফারুক লাবু জানান।

রাজ্জাক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

ফারুক জানান, সোমবার বেলা ১১টায় মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে প্রথম জানাজা ও বেলা ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গার্ড অব অনার দেওয়ার পর সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বেলা ৩টায় পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ আসর পীরগাছার চালুনিয়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আব্দুর রাজ্জাকের ১৯৩৩ সালের ১ নভেম্বর। সেই হিসেবে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে রংপুর-৪আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রাজ্জাক।

এছাড়া একটানা ১৩ বছর রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ছিলেন।  

১৯৫৪ সালে মাহিগঞ্জে আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। ২০০৯ সাল পর্যন্ত এ দায়িত্বে বহাল ছিলেন।

এছাড়া মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাহিগঞ্জ ডিগ্রি কলেজ, পীরগাছা ডিগ্রি কলেজ, বামনডাঙ্গা আব্দুল হক কলেজ, মীরবাগ ডিগ্রি কলেজ এবং শাহ্ এছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজ্জাক।    

মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরের অধীন উত্তর অঞ্চল ট্রেনিং ক্যাম্পের মূল সমন্বয়ক ও চিফ প্রোটোকল অফিসারের দায়িত্ব পালন করেন তিনি।