২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলি-কাঁদুনে গ্যাস

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 08:38 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

রোববার মৌচাকের কৌচাকুড়ি তেলিরচালায় ‘এটিএস অ্যাপারেলস লিমিটেডে’ এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ও গাড়ি ভাংচুর এবং সড়ক অবরোধ করেছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশ গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকের কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সহিদ উল্লাহ, আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে এটিএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বেতন ভাতা মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পারছিল না। চলতি মাসের বেতন-ভাতাও ১০ তারিখের মধ্যে পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়।

সহিদ উল্লাহ জানান, রোববার সকালে শ্রমিকরা কারখানায় এসে জড়ো হতে থাকে। এ সময় তারা তাদের পাওনাদি পরিশোধের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কিন্তু কর্তৃপক্ষ ওই দাবী মেনে না নেওয়ায় শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে।

তিনি বলেন, এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার গেইট তালাবদ্ধ করে কারখানার ভিতরে হামলা চালিয়ে দরজা জানালার কাচ ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এসময় তারা কারখানার সিকিউরিটি কক্ষে অবস্থানরত কয়েক কর্মচারীকে মারধর করে।

“খবর পেয়ে পুলিশ গিয়ে কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করলে শ্রমিকরা বাধা দিয়ে পুলিশের উপর হামলা চালায় ও ইটপাটকেল ছোড়ে।”

এতে সহিদ উল্লাহ নিজে, শিল্প পুলিশের এসআই সাইফুল ইসলাম, কন্সটেবল মাহমুদাসহ পুলিশের সাত সদস্য আহত হন বলে জানান তিনি।

“এরপর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে। ওই সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

“এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

সহিদ বলেন, এ ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিক আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

শটগানের গুলিতে আহত সুমি ও আক্তার বানু এবং লাঠির আঘাতে আহত মাহমুদাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিল্প-পুলিশ গাজীপুর-২ এর অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী বলেন, উত্তেজিত শ্রমিকদের হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড শটগানের গুলি ও তিন রাউন্ড টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে। প্রতিমাসেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়। তবে গত মাসের পাওনাদি চলতি মাসে পরিশোধ করতে ৩/৪ দিন বিলম্ব হওয়ায় কিছু শ্রমিক সংগঠনের উসকানিতে তাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।