জাফর ইকবালের ওপর হামলা: ভেতর থেকে সহযোগিতা?
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক জাফর ইকবালের ওপর হামলাকারীকে ক্যাম্পাসের ভেতর থেকে সহযোগিতা করা হয়েছে বলে সন্দেহ করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শহিদুর রহমান।
হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান সূচি সম্পর্কে হামলাকারীকে কেউ ভেতর থেকে তথ্য দিয়ে থাকবে। তা না হলে সে অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে জানত না।”
গত ৩ মার্চ শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলার সময় জাফর ইকবালের ওপর হামলা হয়।
সঙ্গে সঙ্গে ফয়জুল হাসান ওরফে শফিকুর নামের তরুণকে পুলিশ ও ছাত্ররা ধরে ফেলে।
ছুরি নিয়ে হামলার আগে ফয়জুলকে জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিও ফুটেজে।
জাফর ইকবালের সহকর্মীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের ভেরের কেউ ফয়জুলকে অনুষ্ঠানসূচি সম্পর্কে তথ্য না দিলে এমন ঘটনা ঘটত না।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সিসি ক্যামেরায় দেখা গেছে, ফয়জুল সকাল ৯টার দিকে ক্যাম্পাসে ঢোকে। তাকে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে দেখা যায় আরেকটি ভিডিও ফুটেজে।
“ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে শেখপাড়ার বাসায় যান ফয়জুল। কালো টি-শার্ট পরে বেলা দুই-আড়াইটার দিকে আবার ক্যাম্পাসে ঢোকেন।”
ওই দিনের ওই অনুষ্ঠানে দেশের অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। তারা সবাই ওই দিন কালো টি-শার্ট পরেন।
ওসি শফিকুল বলেন, “ফয়জুল দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আসা-যাওয়া করতেন। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলও খেলেছেন। তাছাড়া তার কথাবার্তায় কিংবা তাকে দেখে ক্যাম্পাস অপরিচিত বলে মনে হচ্ছে না।”
ক্যাম্পাসে ফয়জুলের একাধিক সহযোগী থাকতে পারে বলে মনে করেন প্রক্টর জহীর উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “ক্যাম্পাসে হাঁটা-চলার মাধ্যমে ফয়জুল তার বন্ধু তৈরি করে থাকবেন। হয়ত এই বন্ধুই তাকে জেনেশুনে এই অপকর্মে সহযোগিতা করেছে।
“আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছি। এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। র্যাব-পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”
