২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ভাংচুর

নারায়ণগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনরা ভাঙ্চুর চালিয়েছে; এ ঘটনায় পুলিশ দুই চিকিৎসকসহ পাঁচজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 11:56 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

সদর থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের ডন চেম্বার এলাকায় মেডি স্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ঝুমা আক্তার (২৬) সদর উপজেলার ফতুল্লার উত্তর গাবতলী এলাকার কামরুল হাসান শরীফের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, ঝুমা ওই হাসপাতালের চিকিৎসক অমল কুমারের তত্ত্বাবধানে সেবা নেওয়ার সময় বৃহস্পতিবার ভোরে অস্ত্রোপচার করলে তার মেয়েসন্তানের জন্ম হয়। বেলা ১টার দিকে হাসপাতাল থেকে জানানো হয়, ঝুমার মৃত্যু হয়েছে; নবজাতক সুস্থ আছে।

পরিদর্শক জয়নাল বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে রোগীর স্বজনরা হাসপাতালটিতে ভাংচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর চিকিৎসক অমল কুমার, বদরুদ্দোজা, নার্স লাকী ও ঝর্ণাসহ পাঁচজনকে আটক করা হয়।

ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।