২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে খাদেম সরদার হত্যায় একজনের প্রাণদণ্ড

বরিশালের গৌরনদীর খাদেম সরদার হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 03:46 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নান্নু মৃধা (৪০) গৌরনদীর নন্দনপট্টি এলাকার শফিজউদ্দিন মৃধার ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই এলাকার নান্নুর ভাই সেন্টু মৃধা (৩৫) ও ধানডোবা এলাকার ফানুস মৃধার ছেলে আলম মৃধা (৩৭)।
রায় ঘোষণার সময় নান্নু ও আলম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সেন্টু পলাতক রয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে বলে বরিশাল আদালতের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান।

মামলার নথিতে বলা হয়, আসামিরা নন্দনপট্টি এলাকায় মাদক ব্যবসা করতেন। স্থানীয় আল আকসা জামে মসজিদ কমিটি সদস্যরা একাধিকবার তাদের ব্যবসা বন্ধ করতে বলেও কোনো সমাধান পাননি।

এর জেরে মসজিদ কমিটির সহ-সভাপতি খাদেম সরদারের ছেলে কমিটির সেক্রেটারি শাহ আলম সরদার তাদের নামে মামলা করেন। 

এরপর পুলিশ আসামিদের বাড়িতে অভিযান চালালে তারা শাহ আলমের ওপর ক্ষিপ্ত হন। পাশাপা‌শি শাহ আলম ও তার পরিবারের সঙ্গে আসামিদের জমি নিয়েও বিরোধ ছিল।

এর জেরে ২০১৪ সালের ১৩ অক্টোবর রাতে খাদেম সরদার এবং তার দুই ছেলে শাহ আলম ও মসজিদ কমিটির সদস্য আসলাম সরদারকে কুপিয়ে জখম করা হয়।

এতে খাদেম সরদারের মৃত্যু হয়। পঙ্গু হয়ে যান আসলাম।

এ ঘটনায় শাহ আলম দশজনকে আসামি করে থানায় মামলা করেন।

তদন্ত শেষে সিআইডি বরিশাল জোনের পরিদর্শক মো. সেলিম শাহনেওয়াজ ২০১৫ সালের ১৬ জুন সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়।