নিজ ঘরে শিশুকে ধর্ষণের পর হত্যা
কুমিল্লার মনোহরগঞ্জে নিজ ঘর থেকে এক শিশুর রক্তাক্ত লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।
সোমবার দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান।
নিহত সিমু আক্তার (১০) ওই গ্রামের সাইদুল হকের মেয়ে। স্থানীয় হাতিমারা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরন বলেন, হাতিমারা গ্রামের পূর্ব-উত্তর পাশের ফসলের মাঠের মধ্যে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন সাইদুল হক। এক সপ্তাহ আগে তার স্ত্রী সিলেটে বেড়াতে গেছেন।
“সোমবার সকালে সাইদুল মাঠে কাজ করতে যাওয়ার আগে মেয়েকে একা না থেকে একই গ্রামে নানা বাড়ি যেতে বলে। কিন্তু দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে ঘরে খাটের নিচে মেয়ের রক্তাক্ত লাশ পায়।”
ওসি সামছুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। তাকে ধারালো কোনো ছুরি দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়েছে।
“লাশের সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। ধর্ষককে চিনে ফেলার কারণেই তাকে এভাবে হত্যা করা হয়েছে।”
