জাফর ইকবালের নিরাপত্তায় থাকা ২ পুলিশ প্রত্যাহার
দায়িত্বে অবহেলার দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তায় থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন কনস্টেবল ইব্রাহিম ও দ্বিজেন।
যে সভায় হামলা হয়েছিল তার একটি ছবিতে দুই পুলিশ সদস্যকে জাফর ইকবাল থেকে দূরে দাঁড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে শনিবার বিকালে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন। রোববার তা সন্ত্রাস দমন আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
ঘটনাটি তদন্তে রোববার তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
