বেনাপোলে স্বর্ণের বারসহ যুবক আটক
ভারতে পাচারের চেষ্টার অভিযোগে বেনাপোল সীমান্তে দশটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালি সীমান্তে এ অভিযান চালানো হয়।
আটক মনিরুল ইসলাম (২৫) পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে সোনা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।
“পরে তার দেহ তল্লাশি করে দশটি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর ওজন এক কেজি ৩৪০ গ্রাম এবং বাজার দর ৫০লাখ টাকা।”
উদ্ধার স্বর্ণ বেনাপোল শুল্কভবনে এবং আটক মনিরুলকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
