ফেনীর নদীতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ
ফেনীর ফুলগাজী উপজেলায় সিলোনিয়া নদী থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।
ফুলগাজী থানার এসআই মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই মাজহারুল বলেন, বিকেলে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।
“তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।”
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
