মধুখালীর ইউএনও কার্যালয়ে চুরি
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চুরির অভিযোগ পাওয়া গেছে।
মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ইউএনও কার্যালয়ের গোপনীয় সহকারীর (সিএ) কক্ষ থেকে আলমারির তালা ভেঙে ৩০ হাজার টাকা চুরির অভিযোগ পেয়েছে পুলিশ।
সিএ মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার কক্ষটি বন্ধ করে যান। শুক্রবার সকালে নৈশ্য প্রহরীর মাধ্যমে জানতে পারেন তার কক্ষে চুরি হয়েছে।
“আলমারির লক ভাঙ্গা অবস্থায় পেয়েছি। ৩০ হাজার টাকা খোয়া গেছে।”
দোতালা ভবনের এই ইউএনও কার্যালয়ের দোতালায় উঠতে দুটি কলাপসিবলের গেইট থাকলেও রাতে তালা দেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ওসি মিজানুর বলেন, গেটে তালা দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে তালা দেওয়া হয়নি।
“সিএ কক্ষে ঢোকার তালাটি চাবি দিয়ে খোলা হয়েছে। তবে আলমারির লক ভাঙ্গা পাওয়া গেছে।”
এ ঘটনায় চুরির মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
